রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত ই-ক্যাব উপদেষ্টা বীরনারী মমতাজ বেগম
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন ই-ক্যাব উপদেষ্টা অধ্যাপক মমতাজ বেগম। রোববার বাদ জোহর ধানমন্ডি মসজিদে জানাযা শেষে জাতীয় মহিলা সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং বীরমুক্তিযোদ্ধাকে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়।
এর আগে ১৬ মে, শনিবার দিবাগত রাত ১২.২০ মিনিটে ধানমন্ডির (নর্থ রোড) নিজ বাসায় ইন্তেকাল করেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক মমতাজ বেগম (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি তার ছেলেমেয়ে নাতি নাতনী ও বহু গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় মুক্তিযুদ্ধে এই নেত্রীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেছেন, স্বীয় কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন তিনি।
নারী উন্নয়নে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, তার মৃত্যুতে দেশ নারীর ক্ষমতায়নে একজন বীর সেনানীকে হারাল। তার শুন্যতা পূরণ হবার নয়।
অপরদিকে ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল শোক জানিয়ে বলেন, তার কর্মময় জীবন জাতির জন্য অনুপ্রেরণামূলক আদর্শ হিসেবে বিবেচিত হবে। তার মৃত্যুর মধ্য দিয়ে একজন গুনী ও ত্যাগী মানুষকে আমরা হারালাম। ই-ক্যাব হারালো একজন অভিভাবক।